২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল কর্মী হত্যা: ডিবির সাবেক এসআই ৫ দিনের রিমান্ডে

২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে মিছিলে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদল কর্মী শাওন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2025, 06:26 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহম্মেদ হত্যা মামলায় গোয়েন্দা পুলিশ-ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনককে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে আসামিকে সাত দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক আব্দুল্লাহ আল মাসুম শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

এর আগে ৩ জানুয়ারি রাতে যুবদল কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কনককে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির উদ্দিন আহমদ বলেন, কনক আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন। তাকে তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে দলটির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শাওন আহম্মেদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। সংঘর্ষে বিএনপির প্রায় ৩০০ নেতাকর্মী আহত হন।

গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর ২১ অক্টোবর সদর মডেল থানায় হত্যা মামলা করেন যুবদল কর্মী শাওন আহম্মেদের ভাই মিলন মিয়া। ওই মামলায় তৎকালীন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সাবেক পাঁচ সংসদ সদস্যসহ ৫২ জনকে আসামি করা হয়। কনকও ওই মামলার আসামি ছিলেন।

ঘটনার দিন তাকে একটি চায়নিজ রাইফেল দিয়ে বিএনপি নেতাকর্মীদের দিকে গুলি ছুড়তে দেখা গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

একই ঘটনায় ২০২২ সালের ২ সেপ্টেম্বর মামলা করেছিলেন মিলন। ওই মামলায় বিএনপির অজ্ঞাতপরিচয় পাঁচ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়।

প্রথম মামলা হওয়ার পর মিলন সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, “এই মামলার বিষয়ে আমি বা আমার পরিবারের কেউ কিছু জানি না। পুলিশ আমাদের কাছে একটি সাদা কাগজে সই নিয়েছে।”

দ্বিতীয় মামলায় নারায়ণগঞ্জের সদ্য সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে প্রধান আসামি করা হয়েছে।

এ ছাড়া তৎকালীন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু ও গোলাম দস্তগীর গাজী, জাতীয় পার্টির সাবেক দুই সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকেও আসামি করা হয়েছে।

মামলায় সাবেক পুলিশ সুপার ছাড়াও ৩৭ পুলিশ কর্মকর্তা ও সদস্যসহ অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।