Published : 27 Jul 2026, 01:48 PM
মাত্র তিন দিনের ব্যবধানে পূর্ব সুন্দরবনে আবারও একটি রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে।
রোববার সকাল ১০টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকার নদীতে বাঘটিকে সাঁতার কাটতে দেখা যায়।
বনরক্ষীদের টহল বোটের সামনেই নদী সাঁতরে অপর পাড়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি। মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বোটচালক সাইফুর রহমান। পরে ভিডিওটি নিজের ফেইসবুক আইডিতে প্রকাশ করলে তা ছড়িয়ে পড়ে।
সাইফুর বলেন, “টাইগার পয়েন্ট এলাকায় নিয়মিত টহলকালে হঠাৎ বন থেকে একটি বাঘ বেরিয়ে নদীতে নেমে পড়ে। বাঘটি সাঁতরে মাঝ নদীতে আসার পর ইঞ্জিন চালিত বোটের শব্দ পেয়ে ফিরে সুন্দরবনে উঠে যায়। এই দৃশ্য আমি আমার মোবাইলে ধারণ করি।”
এর আগে গত শুক্রবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক পর্যটন কেন্দ্র ও বন বিভাগের টহল ফাঁড়ির কার্যালয় চত্বরে একটি বাঘিনীকে ঘোরাঘুরি করতে দেখেন বনরক্ষীরা।
ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ভ্রমণপিপাসুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তিন দিনের ব্যবধানে আবারও বাঘের এমন উপস্থিতি সুন্দরবনের বন্যপ্রাণীপ্রেমী, পর্যটক ও বন কর্মকর্তাদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলছেন, “সুন্দরবনের নদী-খাল পেরিয়ে বাঘের চলাচল স্বাভাবিক আচরণের অংশ। খাবারের সন্ধান, নিজের এলাকা পরিবর্তন কিংবা প্রাকৃতিক প্রয়োজনেই তারা নিয়মিত সাঁতার কাটে। তবে টহলের সময় এভাবে কাছ থেকে এমন দৃশ্য সচরাচর দেখা মেলে না।”
তিনি বলেন, “গত ১ জুন থেকে সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। এই সময় বনজীবী ও পর্যটকসহ সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। কোলাহলমুক্ত সুন্দরবনে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী নির্ভয়ে নিরাপদে বনের সর্বত্র বিচরণের সুযোগ পেয়েছে। এ কারণে মাঝে মধ্যে বনে থাকা বন্যপ্রাণির দেখা মিলছে।”