‘মব’ সৃষ্টির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বক্তারা বলেন, আগামীতে এ ধরনের অস্থিতিশীল কোনো ঘটনা এবং মব সৃষ্টি করলে তার দায়দায়িত্ব গুপ্ত সংগঠনকে বহন করতে হবে।
‘মব’ তৈরির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
সোমবার বিকালে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, কামরান আহমেদ, জুবায়ের আহমেদ লিলু, এনামুল কবির চৌধুরী সুহেল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম. ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আবদুল্লাহ, খায়রুল ইসলাম দুয়েল, আজহার আলী অনিক, শহীদুল ইসলাম অপু, আবুল হোসেন, জহিরুল ইসলাম আলাল।
বক্তারা বলেন, বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে অশ্লীল স্লোগান দেওয়ার পরও ছাত্রদলের নেতাকর্মীরা শান্ত আছে, কারণ তারা দেশে শান্তি চায়। কিন্তু আগামীতে এ ধরনের অস্থিতিশীল কোনো ঘটনা এবং মব সৃষ্টি করলে তার দায়দায়িত্ব গুপ্ত সংগঠনকে বহন করতে হবে।
