Published : 15 Aug 2026, 04:21 PM
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পাশে পড়েছিলেন আহত আরেক যুবক।
শনিবার সকালে উপজেলায় মহব্বতপুরের পদ্মপুকুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম।
নিহত বাদশাহ (২৭) উপজেলার নলপুকুর আদর্শ গ্রামের জামাল উদ্দিনের ছেলে। আহত মাজেদুল ইসলাম ওরফে মাইদুল (২২) একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার ভোরে স্থানীয় কয়েকজন ব্যক্তি মাঠে মাছ ধরতে যাওয়ার পথে রাস্তায় দুজনকে পড়ে থাকতে দেখতে পান। তারা চিৎকার করলে অন্যরা এসে পুলিশে খবর দেন।
পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাদশার মরদেহ করেন এবং আহত মাজেদুলকে উদ্ধার করেন।
মাজেদুল পুলিশ ও সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকালে জামালগঞ্জ চারমাথা এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের তুলে নেয় পার্শ্ববর্তী এলাকার কয়েকজন। পরে তাদের একটি বাড়িতে আটকে রাখা হয়।
রাত গভীর হলে মোটরসাইকেলে তাদের পদ্মপুকুর এলাকায় নিয়ে আসা হয়। সেখানে পার্শ্ববর্তী এলাকার ৯ জন মিলে তাদের মারধর করে। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
ভোরে কয়েকজন লোকের ডাকাডাকিতে জ্ঞান ফিরলে পাশে থাকা বাদশাকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানান তিনি।
ওসি মুক্তারুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।