নওগাঁয় সেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
“নিহত ব্যক্তির পরনে পুরনো লুঙ্গি ও জ্যাকেট ছিল।”
নওগাঁ শহরের একটি সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান।
নিহত ব্যক্তির বয়স ৩০ বছর বলে পুলিশ ধারণা করলেও তার নাম-পরিচয় জানাতে পারেনি।
স্থানীয়রা লোকজন ও পুলিশ বলছে, নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। কিছুক্ষণ পরে স্থানীয় দোকানিরা সেখানে একটি মরেদহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত ব্যক্তিকে এর আগে কেউ এলাকায় দেখেনি বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
ওসি নুরে আলম বলেন, “নিহত ব্যক্তির পরনে পুরনো লুঙ্গি ও জ্যাকেট ছিল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কয়েকদিন আগে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।”
“ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
