Published : 28 Sep 2024, 11:09 AM
দিনাজপুর সদর উপজেলায় এক যুবককে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকালে সদর উপজেলার শমরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন।
নিহত তহিদুর রহমান বাংরু (৩৫) একই এলাকার জঙ্গলবারপাড়ার মৃত মেহেরাব আলীর ছেলে।
ওসি ফরিদ বলেন, “বিকালে স্থানীয় ৫-৬ জন লোক মাছ ধরার রিং জাল ও কারেন্ট জাল চুরির অভিযোগ তুলে তহিদুর রহমানকে আটক করে। পরে তাকে স্থানীয় রেললাইনের পাশে নিয়ে রশি দিয়ে বেঁধে লাঠি বেদম মারপিট করে।
“এক পর্যায়ে তহিদুর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে রেখে আসে। কিন্তু তহিদুরের মা দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় তিনি কিছু বুঝতে পারেননি।
ওসি বলেন, “সন্ধ্যার দিকে ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করেন। তখন প্রতিবেশীরা ছুটে এসে দেখে তহিদুর মারা গেছেন।”
তহিদুরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি ফরিদ বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।