২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে এরদোয়ানপুত্র ও ফুটবলার ওজিল

বিলাল এরদোয়ান রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2026, 08:20 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনের সফরে কক্সবাজার এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান। 

তার নেতৃত্বে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা থেকে বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছালে বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় পরিদর্শন করে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে বিলাল এরদোয়ান বলেন, “রোহিঙ্গাদের জন্মভূমিতে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি। ২০১৭ সালের সংকটের শুরু থেকেই তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে রয়েছে।”

তিনি বলেন, “আমরা আবারও রোহিঙ্গা শিবিরে এসেছি। এবার আমরা বিশেষভাবে শিক্ষার ওপর গুরুত্ব দিতে চাই। দীর্ঘ সময় ধরে তারা শিক্ষা থেকে বঞ্চিত। আমরা চাই, তারা যেন তাদের মৌলিক অধিকার ফিরে পায় এবং নিজ দেশে ফিরতে পারে।”

“আন্তর্জাতিক আইন শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করে এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় হওয়া প্রয়োজন।”

বিলাল এরদোয়ান রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

মতবিনিময় সভা শেষে প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে যায়। সেখানে তারা তুরস্কের সহযোগিতায় পরিচালিত ফিল্ড হাসপাতাল ও শিক্ষা-সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। 

এ ছাড়া রোহিঙ্গাদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার পাশাপাশি ইফতারেও অংশ নেন বিলাল এরদোয়ান, মেসুত ওজিলসহ প্রতিনিধি দলের সদস্যরা।

সফর শেষে রাতেই তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।