Published : 14 Jul 2026, 03:52 PM
চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় দুর্যোগের কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষার্থীরা বলেন, চলমান বন্যা, জলাবদ্ধতা ও যোগাযোগ সংকটের কারণে অনেক জেলার শিক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সাম্প্রতিক বৃষ্টি ও জলাবদ্ধতায় পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে অনেকেই চরম ভোগান্তির শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের দাবি জানান তারা।
এ দাবি শুধু চট্টগ্রাম বা কোনো একটি অঞ্চলের নয় বরং দেশের সব এইচএসসি পরীক্ষার্থীর স্বার্থে উত্থাপন করা হয়েছে।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্যসচিব তাহমিদ আনোয়ার বলেন, “শিক্ষার্থীদের সার্বিক ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে না। জলাবদ্ধতার কারণে অনেকেই পরীক্ষাকেন্দ্রে যেতে পারছে না। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করা হলে আমরা পরীক্ষার পর ব্লকেড কর্মসূচি দিতে বাধ্য হব।”
ছাত্র ফেডারেশনের স্কুলবিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী বলেন, “কয়েক দিনের টানা বৃষ্টিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকেই ভিজে ও হাঁটুসমান পানি পেরিয়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছে। এতে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ অবস্থায় পরীক্ষা নেওয়া যৌক্তিক নয়। পরীক্ষার রুটিন পুনর্নির্ধারণ করতে হবে।”
তিনি বলেন, “সোমবার দুর্যোগের প্রায় ১১ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে। দেশের সব বিভাগে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা উচিত। আমরা সাতটি বিভাগে একযোগে কর্মসূচি পালন করছি। এরপরও ব্যবস্থা না নিলে আগামীকাল ব্লকেড কর্মসূচি দেওয়া হবে।”
সমাবেশ শেষে শিক্ষার্থীরা বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ সৃষ্টি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা সাময়িক স্থগিত রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।