বরিশালে অবৈধ তেল বিক্রি বন্ধে অভিযান, দুজনকে জরিমানা
জব্দ তেল বিক্রি করে ৩ লাখ ৯ হাজার ৬০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
জরিমানা করা দুটি প্রতিষ্ঠান হলো উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকার ‘মেসার্স হাওলাদার স্টোর’ ও ‘সিকদার স্টোর’। প্রতিষ্ঠান দুটির মালিক কুদ্দুস হাওলাদার ও সাইদুর রহমান শিকদারকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দুই প্রতিষ্ঠানের মালিক বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে বাবুগঞ্জে এনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন।
“জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই প্রতিষ্ঠান থেকে দুই হাজার ৪০০ লিটার ডিজেল ও ৬০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।”
পরে জব্দ করা তেল নিলামের মাধ্যমে স্থানীয় ট্রলার, ট্রাক্টর, স্পিডবোট ও আলফা চালকদের কাছে বিক্রি করা হয়। এতে তিন লাখ নয় হাজার ৬০০ টাকা পাওয়া যায়, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
