২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বজ্রপাতের কৃষাণীর মৃত্যু, স্বামী-সন্তান আহত

বৃষ্টির মধ্যে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাতে স্বামী-স্ত্রীর শরীর ঝলসে যায় বলে জানান স্বজনরা।

মুন্সীগঞ্জে বজ্রপাতের কৃষাণীর মৃত্যু, স্বামী-সন্তান আহত
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2024, 09:22 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষাণীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন নিহতের স্বামী ও ছেলে।

শুক্রবার দুপুরে উপজেলার ভবেরচরের শ্রীনগর গ্রামে এ ঘটনায় ঘটে বলে জানান গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান। 

নিহত হালিমা বেগম নামে (৫০) ওই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী। আহত আব্দুল হান্নানকে (৭০) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত রমজান মিয়া (৯) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে টিপটিপ বৃষ্টির মধ্যে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন স্বামী-স্ত্রী ও তাদের ছেলে। এ সময় বজ্রপাতে স্বামী-স্ত্রীর শরীর ঝলসে যায়। অচেতন হয়ে পড়ে তাদের ছেলে রমজান। 

আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হালিমাকে মৃত ঘোষণা করেন। আব্দুল হান্নান হাসপাতালে ভর্তি আছেন। আর রমজানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মাহবুবুর রহমান।