Published : 19 Jul 2025, 10:07 AM
সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সফল করতে স্পেশাল ট্রেনে ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ ছেড়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
শনিবার ভোর ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছাড়ে বলে জানিয়েছেন রেলের সুপারিটেডেন্ট নাজমুল হক খান।
রেলওয়ে কর্মকর্তারা জানান, ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশকে ঘিরে নেতারা স্পেশাল ট্রেন বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে আবেদন করলে তা ভাড়া হিসেবে দেওয়া হয়।
ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আটটি কোচ বিশিষ্ট স্পেশাল ট্রেনটির আসন সংখ্যা ৪২৮টি। ঢাকা যাওয়া-আসার ভাড়া ১ লাখ ৪৭ হাজার ৪৯৮ টাকা। ট্রেনটি সমাবেশ শেষ হলে ঢাকা থেকে পুনরায় ছেড়ে আসবে।
ঢাকায় সমাবেশ সফল করতে ভোর থেকেই স্টেশনে জড়ো হতে থাকেন জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেখা যায় ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার, সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীমকে।
মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “সমাবেশ সফল করতে ময়মনসিংহ থেকে ট্রেনে ৫ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আশা করছি সমাবেশে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার চিত্র ফুটে উঠবে।
“দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আগামী নির্বাচনের সঠিক বার্তা আসবে সমাবেশ থেকে। কেন্দ্রীয় নেতাকর্মীদের সে বার্তা নিয়ে আমরাও জোরালোভাবে তৃণমূলকে সুসংগঠিত করার কাজ করব।”
ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার বলেন, “সমাবেশকে ঘিরে সারাদেশের নেতাকর্মীরা উজ্জীবিত। সবাই সমাবেশ সফল করতে যে যার মত করে ঢাকা যাচ্ছে।
তিনি আরও বলেন, “এদেশের মানুষ মনেপ্রাণে চায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসুক, মানুষ জামায়াতে ইসলামীকে কতো ভালোবাসে সমাবেশই তা প্রমাণ করবে। ”