আদালতের নির্দেশে খাগড়াছড়িতে ৩ ইটভাটা বন্ধ করল প্রশাসন
এই তিন ইটভাটাকে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উচ্চ আদালতের নির্দেশে খাগড়াছড়িতে তিনটি ইটভাটা বন্ধ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে গুইমারা উপজেলার আমতলীতে পৃথক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আইরিন আক্তার।
ইউএনও আইরিন বলেন, পরিবেশবাদীদের রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত ইটভাটা বন্ধের জন্য মঙ্গলবার নির্দেশনা দেন। নির্দেশনা মোতাবেক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা অনুসারে তারা ব্রিক্স, ফোরস্টার ও এসবিএম ভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড এবং ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়।
