কুমিল্লায় ৪ জনের প্রাণ কেড়ে নেওয়া সেই লরির চালক গ্রেপ্তার
কুমিল্লার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গত ২২ অগাস্ট লরি চাপায় মৃত্যু হয়েছিল চারজনের।
কুমিল্লার সদর উপজেলায় লরি চাপায় একই পরিবারের চারজনের প্রাণহানির ঘটনার ২৬ দিন বাহনটির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার বিকালে তাকে ফেনী থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।
গ্রেপ্তার মো. আরিফ হোসেন (২৩) নোয়াখালীর সুধারাম থানার চন্দ্র ভল্লব গ্রামের নূর হোসেনের ছেলে।
গত ২২ আগস্ট কুমিল্লার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে লরি চাপায় প্রাণ হারান বরুড়ার হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫) এবং দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। এ ঘটনায় লরি চালককে প্রধান আসামি করে মামলা করা হয়।
ওসি বলেন, আরিফ সেদিন লরিটি চালাচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটি স্বীকার করেছেন। দীর্ঘদিন তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
