ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
এ সময় সেখানে আট থেকে ১০ যুবলীগ কর্মী উপস্থিত ছিলেন।
মার্চের প্রথম দিন ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
রোববার সকাল ৭টার দিকে শহরের চকবাজার এলাকার থানার মোড়ের পৌর আওয়ামী লীগের কার্যালয়ে (যেটি আগে জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো) পতাকা উত্তোলন করা হয়। এ সময় সেখানে আট থেকে ১০ যুবলীগ কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে ফরিদপুর শহর আওয়ামী লীগ, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ এবং ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপস্থিত কর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’- ইত্যাদি স্লোগান দেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন শরিফুল হাসান প্লাবন; যিনি ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
তিনি বলেন, অগ্নিঝরা মার্চের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতার ইতিহাস স্মরণ করতেই এ আয়োজন করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের কোনো খবর আমরা পাইনি। ওই কার্যালয়ে এখন পতাকাও নেই। কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।”
দীর্ঘদিন ধরে শহরের থানা রোডে অবস্থিত এ কার্যালয়টি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছিল। ২০২২ সালে শহরের আলিপুর মহল্লায় হাসিবুল হাসান লাভলু সড়কে জেলা আওয়ামী লীগের নতুন একটি কার্যালয় উদ্বোধন করা হয়। এরপর থেকে থানা রোডের এই কার্যালয়টি শহর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছিল।
তবে ২০১৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ওই স্থানে সরকারি উদ্যোগে ‘জুলাই স্মৃতি স্মারক’ স্থাপন করা হয়েছে।
আওয়ামী লীগ কার্যালয়ের পতাকা উত্তোলনের স্ট্যান্ড অপসারণ
এদিকে বিকাল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থিত পতাকা উত্তোলনের তিনটি স্টিলের স্ট্যান্ড কেটে অপসারণ করে।
জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের এই কার্যালয়টি ফরিদপুর কোতোয়ালি থানার পাশেই অবস্থিত। দুই দিন পর পর নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন পতাকা টানায়। এতে পুলিশ বিব্রত হয়। আজ সকালেও তারা দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করেছে।”
তিনি বলেন, “বিকালে ছাত্র-জনতা ওই কার্যালয়ের পতাকা উত্তোলনের তিনটি স্ট্যান্ড অপসারণ করে ফেলে। এ সময় আমরা ওই কার্যালয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এই দৃশ্য দেখে আমি সেখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম।”
