২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতের ঝাউবন থেকে ‘ছোরাসহ ৬ ছিনতাইকারী’ আটক

র‌্যাব জানিয়েছে, আটকরা সমুদ্রসৈকতসহ আশপাশের এলাকায় পর্যটকদের টার্গেট করে ছিনতাই করত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2024, 05:35 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবন থেকে কয়েকটি ছোরাসহ ছয় তরুণ-যুবককে আটক করা হয়েছে; যাদের ছিনতাইকারী বলছে র‌্যাব।

বৃহস্পতিবার মধ্যরাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছেন।  

আটকরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের নতুন জেল গেইট এলাকার মো. আইয়ুব (৩৪), একই এলাকার মো. তোফাজ্জল হোসেন ওরফে নয়ন (২৪), চাইল্ল্যাতলী পানেরছড়া এলাকার শফিউল করিম (২৮), কক্সবাজার পৌরসভার বাদশাঘোনা এলাকার হৃদয় নিশান ওরফে মানিক (২০), পাহাড়তলী এলাকার মাহমুদ ইমাম শরীফ (২০) এবং রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকার রিয়াজ উদ্দিন (১৮)।

র‌্যাব জানিয়েছে, আটকরা সমুদ্রসৈকতসহ আশপাশের এলাকায় পর্যটকদের টার্গেট করে ছিনতাই করত।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবনে কিছু দুর্বৃত্ত অবস্থানের খবরে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৮-১০ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। তখন ধাওয়া দিয়ে ওই ছয়জনকে আটক করা হয়।

“পরে আটকদের শরীরে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ছয়টি ছোরা ও একটি ছোরার বাটন।“

র‌্যাবের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, “আটকরা স্বীকারোক্তি দিয়েছে, কক্সবাজারে আসা পর্যটকদের টার্গেট করে সুযোগ বুঝে মোবাইল, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সঙ্গে তারা জড়িত। তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে গভীর রাতে সমুদ্রসৈকত সংলগ্ন ঝাউবনে অবস্থান করছিল।“

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।