২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার কমিশন না হলে রাজপথে নামতে হবে: নাহিদ ইসলাম

বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 11:32 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার কমিশন গঠিত না হলে রাজপথে নামার হুমকি দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।  

রোববার বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দিন পাটওয়ারী তার বিরুদ্ধে বিএনপি নেতা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে করা মামলার আবেদনের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন।  

ইফতার মাহফিলে এনসিপির সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, “১২ তারিখ সংসদের অধিবেশনে সংস্কার কমিশন যদি গঠিত না হয়, সংস্কারের উদ্যোগ যদি গ্রহণ করা না হয়, তাহলে নিজেদের অধিকার রক্ষায় আমাদের আবারো রাস্তায় নামতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ, ঋণখেলাপীদের বিরুদ্ধে আবারো যুদ্ধ করব।

“আমরা চেয়েছি, ১৬ বছর পরে সংসদ কার্যকর হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই সরকারের খোলস বের হচ্ছে। আজকে তারা মামলা দিয়ে স্পষ্ট করেছে, তারা পুনরায় আওয়ামী কায়দায় কাজ করছে। আমরা বিএনপিকে আওয়ামী লীগের মত ট্রিট করতে চাই না। সেই ইতিহাস যদি বিএনপি ভুলে যায়, রক্তের সঙ্গে বেইমানি করে তাহলে আমাদের আর অপশন থাকবে না রাজপথ ছাড়া।”

এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা এমন দিকে যাচ্ছি যে, আপনি চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। সেই পুরোনো কায়দা, সেই পুরনো সিস্টেম। কিন্তু তারা ভুলে গিয়েছে এই প্রজন্মের সঙ্গে সেই পুরনো কায়দা করে লাভ নেই।”

তিনি বলেন, “জাতীয় নির্বাচনে যে কারচুপি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে সেই কারচুরি আমরা হতে দেব না। আমরা ঐক্যবদ্ধভাবে ভোট ডাকাতির বিরুদ্ধে লড়াই করব।”

‘মির্জা আব্বাসকে গোনার টাইম নাই’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মানহানি, অপরাধমূলক ভয়ভীতি দেখানো, অবমাননার অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলার আবেদন হয়েছে আদালতে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রোববার বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম এই আবেদন করেন।

ইফতার মাহফিলে নাসীর উদ্দিন পাটওয়ারী বিএনপি নেতা মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, “আপনি ঢাকা-৮ এ ফেল করেছেন। আপনাকে তারেক জিয়া এসে রক্ষা করেছেন। এখনও সময় আছে, ভদ্র হোন। অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ করলে কীভাবে সভ্য করতে হয় সেটা আমাদের জানা আছে। 

“ভয়-হুমকি দিয়ে লাভ নেই। শেখ হাসিনার আমলে রিমান্ডে নিয়ে যে নির্যাতন করেছে তাতেই ভয় পাইনি, আপোষ করিনি। তুমি কোন... আব্বাস। তুমি আসছ মামলা করতে। গোনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আছেন, আপনাদের সম্মান করতে চাই। কিন্তু নিজের সম্মান নিজে না রাখতে পারলে জেনজিরা আপনাকে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে।”