Published : 29 Apr 2026, 11:19 AM
গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক পোশাক শ্রমিক প্রাইভেট কারের চাপায় নিহত হয়েছেন। এ সময় প্রাইভেট কারের ধাক্কায় একটি রিকশা দুমড়ে-মুচড়ে গেলে চালকসহ তিনজন আহত হন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান।
নিহত আব্দুল কুদ্দুস রাজেন্দ্রপুর এলাকার এনএজেড পোশাক কারখানায় সহকারী কাটিংম্যান ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ভবানীপুর এলাকায় সড়কের পশ্চিম পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন কুদ্দুস। এসময় মাওনা চৌরাস্তাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রাইভেট কারটি একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিলে চালকসহ তিনজন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
ওসি শাহাবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়রা প্রাইভেট কারটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।