গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গোয়ালঘর পরিষ্কার করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হন রাব্বানী।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের পাছড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি মোহাম্মাদ আশরাফুল আলম জানান।
নিহত রাব্বানী শেখ (৩০)ওই গ্রামের মোশারফ শেখের ছেলে।
ওসি মোহাম্মাদ আশরাফুল আলম জানান, নিজ গোয়ালঘর পরিষ্কার করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হন রাব্বানী।
“পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জেলা পল্লী বিদ্যুতের মুকসুদপুর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার সোহাগ হোসেন জানান, তাদের গোয়ালঘরের পাশে পানির পাম্প এবং পুরোনো তার লিকেজ হয়ে বৃষ্টিতে ভিজে পুরো ঘর বিদ্যুয়িত হওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।
