২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ শত শত মায়ের বুক খালি করেছে: আব্দুস সালাম

রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2024, 09:16 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

আওয়ামী লীগ এই দেশের মানুষের জন্য রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

তিনি বলেছেন, “আওয়ামী লীগ এদেশের জন্য রাজনীতি করে না। কারণ, তারা শত শত মায়ের বুক খালি করেছে। দেশের স্বাধীনতা ভারতের কাছে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আওয়ামী লীগ আর বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। আগামীতে নির্বাচন হলে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।” 

রোববার বিকালে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বাধীনতার পর ভারতকে খুশি করতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ রক্ষী বাহিনী গঠন করেছিল বলে মন্তব্য করেন আব্দুস সালাম। তিনি বলেন, “বিডিআরের ষড়যন্ত্রের নামে এক সঙ্গে এতগুলো আর্মি অফিসার হত্যা করা হয় আর্মিকে দুর্বল করার জন্য। কারণ একটাই, ভারত।” 

এ সময় আওয়ামী লীগ শাসনামলে দেশের অর্থনীতির অবস্থা তুলে ধরে বিএনপি নেতা বলেন, “দেশ স্বাধীনের পর বাংলাদেশের পাটকলে একটার পর একটা আগুন লাগানো হয়েছে। আওয়ামী লীগ সমাজতন্ত্রের নামে জাতীয়করণ করে সব কল-কারখানার নাটবল্টু পর্যন্ত খুলে বিক্রি করে ফেলেছিল। দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছিল।

“আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। বিচারের পরই আওয়ামী লীগ ফিরতে পারবে। আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে নির্বাচন হবে। কারণ, আওয়ামী লীগ ভারতের দল। গত ১৫ বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কীভাবে নির্বাচন হবে। এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে।”

আব্দুস সালাম বলেন, “অন্তর্বর্তী সরকারের ভাষ্য, বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হল, বিএনপি ক্ষমতার জন্য পাগল না। বিএনপি চাইলে ৫ অগাস্টের পর সব আন্দোলনকারী দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত। কিন্তু করেনি। আমাদের বিশ্বাস তিন মাস, ছয় মাস, এক বছর পর যখনই নির্বাচন দেন না কেন; বিএনপিই ক্ষমতায় আসবে।”

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সদস্যসচিব বিশ্বনাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুন। ডি এম জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন তাজমুলতান টুটুল।

সম্মেলনে ছয়টি ইউনিয়নের ৪২৬ জন কাউন্সিলর ভোটার ছিলেন। তিনটি সাংগঠনিক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন। ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট হয়। 

সন্ধ্যায় ঘোষিত ভোটের ফল অনুযায়ী, সভাপতি পদে শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক পদে মাহবুব আর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে বাচ্চু রহমান নির্বাচিত হয়েছেন।