২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মায়ের ‘শাসনে’ প্রাণ গেল শিশুর

শিশুটির বাবা বলেন, “শাসন করতে গিয়ে সন্তানের যদি মৃত্যু হয়, এই জন্য তাকে দায়ী করছি না; কোনো অভিযোগ নেই আমার।”

চাঁপাইনবাবগঞ্জে মায়ের ‘শাসনে’ প্রাণ গেল শিশুর
শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুরে শিশুর মৃত্যুর খবরে প্রতিবেশী ও স্বজনরা বাড়ির সামনে ভিড় করেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 04:42 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাসন করার সময় মায়ের হাতে মার খাওয়া এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নে গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।

মারা যাওয়া বার বছর বয়সী আশিক ওই গ্রামের সুমন আলি-আলিয়া বেগম দম্পতির ছেলে। তাদের দুই ছেলে-মেয়ে।

গ্রামবাসীদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুর হায়দারি বলেন, “দরিদ্র পরিবার; সুমন ঢাকায় দিনমজুরের কাজ করেন আর বাড়িতে সংসার দেখাশোনা করেন আলিয়া। ঘটনার দিন সকালে শিশু আশিককে শাসন করার সময় মারধর করেন তার মা আলিয়া। পরে শিশুটি মারা যায়।”

এ বিষয়ে সুমন আলির চাচাতো ভাই দুলাল আলি জানান, “শিশু আশিক মার খেয়ে মারা গেছে এমনটা নয়। সে আগে থেকে অসুস্থতায় ভুগছিল, এ হালে হয়তো তার মৃত্যু ছিল।”

আশিকের বাবা সুমন আলি ঢাকা থেকে বাড়ি ফিরছেন ছেলের শেষবারের মত মুখ দেখার জন্য। 

মোবাইলে তিনি বলেন, “আমি কাজ-কামে বাহিরে থাকি আর সংসার দেখাশোনা করে স্ত্রী। 'মা' ছেলে-মেয়েকে শাসন করবে, সোহাগ করবে-এটাই স্বাভাবিক। শাসন করতে গিয়ে সন্তানের যদি মৃত্যু হয়, এই জন্য তাকে দায়ী করছি না; কোনো অভিযোগ নেই আমার।”

ওসি গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় পরিবারের কেউ এখনো অভিযোগ করেননি বলেও জানান তিনি ।