‘বিক্ষোভে না আসায়’ এক কারখানার শ্রমিকদের আরেক কারখানায় হামলা-ভাঙচুর
শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আন্দোলনে ‘শামিল না হওয়ার’ জের ধরে গাজীপুর নগরীর জিরানি এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে ওই এলাকার ‘রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড’ এবং ‘আইরিশ ফ্যাশন লিমিটেড’ কারখানার শ্রমিকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান।
এদিকে গাজীপুরে এখনও আটটি কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের এ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, প্রথমে রেডিয়াল কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা পাশের আইরিশ ফ্যাশন কারখানার শ্রমিকদেরও আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। কিন্তু আইরিশের শ্রমিকরা রাজি না হওয়ায় রেডিয়ালের শ্রমিকরা ওই কারখানায় হামলা চালিয়ে বেশ কিছু মালামাল ভাঙচুর করে।
ওই ঘটনার প্রতিবাদে আইরিশের শ্রমিকরা রেডিয়াল কারখানায় পাল্টা হামলা করে। এ সময় ব্যাপক ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে দুই কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেয়। পরে সকাল ১০টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান শ্রমিকরা।
বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন জানিয়ে পুলিশ সুপার সারোয়ার বলেন, তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন। চন্দ্রা-নবীনগর সড়কে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
