উখিয়ায় ক্যাম্পের টয়লেট থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
নুরুল হকের দাবি- তার বোন সুবাইদা বেগমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের একটি টয়লেট থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে আশ্রয় শিবিরের ৩ নম্বর ক্যাম্পের এফ-৭৫ ব্লক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি আরিফ হাসান।
নিহতরা হলেন- ওই ব্লকের বাসিন্দা মৃত রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও তার মেয়ে সুবাইদা বেগম( ১৮)।
এফ-৭৫ ব্লকের মাঝি (রোহিঙ্গাদের সামাজিক নেতা) আয়াজ জানান, মরদেহ দুটি নিহতদের বসতঘরের পাশের টয়লেটের মেঝেতে পড়েছিল। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মমতাজ বেগমের ছেলে নুরুল হক বলেন, ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে পাশের মা-বোনের কক্ষে আলো জ্বলছে দেখতে পান। কিন্তু কক্ষে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন আশপাশে।
তখন পাশের একটি টয়লেটের দরজা দীর্ঘক্ষণ ধরে বন্ধ দেখে সন্দেহ হয়। পরে পাশের আরেকটি টয়লেটের চালা দিয়ে উঁকি দিয়ে দেখেন মেঝেতে পড়ে আছেন মা-বোন।
নুরুল হকের দাবি- তার বোন সুবাইদা বেগমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরিফ হাসান বলেন, “সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর রহস্য।”
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন ১৪ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
