খাগড়াছড়িতে চালক ‘ঘুমের ঘোরে’, বাস খাদে পড়ে আহত ৯
“বেপরোয়া চালানোয় যাত্রীরা চালককে বার বার সতর্ক করলেও তিনি কর্ণপাত করেননি।”
খাগড়াছড়ির রামগড়ে একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৯ যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের দাবি, ঘুমের ঘোরের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রামগড়-জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়ছেন রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন। ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহণের বাসটি খাগড়াছড়ি যাচ্ছিল।
আহতরা হলেন, বাসের হেলপার রমজান আলী, সুপারভাইজার আজাদ, যাত্রী নজরুল ইসলাম, তানিয়া, হাজেরা বেগম, বাসের জাহিদা আক্তার, মো. রেজওয়ান, খোরশেদ আলম ও মো. ইব্রাহিম।
আহত যাত্রী মো. ইব্রাহিম বলেন, “বাসটি সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। শুরু থেকেই চালক খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন।
“পথে মুন্সিগঞ্জে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলেও ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই। বেপরোয়া চালানোয় যাত্রীরা চালককে বার বার সতর্ক করলেও তিনি কর্ণপাত করেননি।”
আরেক আহত নজরুল ইসলাম বলেন, “মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে বাসটি রামগড়ের মাহবুবনগর পৌঁছালে চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দ্রুতগতির বাসটি রাস্তার বাহিরে গিয়ে পাশের খাদে পড়ে যায়।”
দুর্ঘটনার পর আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে জালিয়াপাড়ায় বিজিবি হাসপাতালে পাঠায়।
পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পোঁছে আহতদের উদ্ধার ও নিরাপত্তার দায়িত্ব পালন করি। দুর্ঘটনার শিকার বাসটি খাদ থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে আনা হবে। তবে চালক পলাতক রয়েছে।"
