Published : 09 Jun 2026, 03:18 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৯৫ বছর বয়সি এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের মানসিক ভারসাম্যহীন এক মেয়েকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান হরিরামপুর থানা ওসি আফজাল হোসেন।
নিহত রেজিয়া বেগম (৯৫) ওই গ্রামের প্রয়াত সোবহানের স্ত্রী। আটক রোকেয়া বেগম (৬০) নিহতের মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার প্রয়াত মালেকের স্ত্রী।
ওসি আফজাল হোসেন বলেন, “সকালে ঘরে থাকা বটি দিয়ে রোকেয়া তার মা রেজিয়াকে কুপিয়ে হত্যা করেন। পরে বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান, তার দাদিকে কুপিয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়ার লাশ দেখতে পান।
স্থানীয়দের ভাষ্য, স্বামীর মৃত্যুর পর থেকে রোকেয়া মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি আফজাল।
রেজিয়ার নাতি রাসেল বলেন, “ফুপু দাদিকে কুপিয়ে হত্যা করে সবাইকে ডাকাডাকি করে জানান, দাদিকে তিনি খুন করেছেন। এমনকি তিনি (ফুপু) পুলিশও ডাকতে বলেন।”
ওসি আফজাল হোসেন বলেন, নিহতের মেয়েকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।