২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই শহীদ আলমগীরের পরিবার খুনিদের বিচার চায়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ অগাস্ট রাজধানীর মেরুন বাড্ডায় মিছিলে গুলিবিদ্ধ হওয়ার তিন দিন পর মারা যান আলমগীর।

জুলাই শহীদ আলমগীরের পরিবার খুনিদের বিচার চায়
বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই আন্দোলনে নিহত আলমগীরের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 05:40 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীতে ছাত্র-জনতার মিছিলে অংশ নিয়ে বাগেরহাটের ছয়জন প্রাণ হারাণ। তাদের মধ্যে একজন মো. আলমগীর মোল্লা। 

তিনি বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের গোপলকাঠি গ্রামের কালাম মোল্লার ছেলে। কালাম মোল্লার পাঁচ ছেলে-মেয়ে। গুলিতে নিহত আলমগীর সবার বড়।

অভাবের সংসারে খুব একটা পড়ালেখা করতে পারেননি আলমগীর। বুঝতে শেখার পর তিনি জীবিকার তাগিদে ঢাকায় চলে যান। পেশায় বাবুর্চি আলমগীর ঢাকার বাড্ডা এলাকায় বসবাস করতেন।

গত বছরের জুলাইয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলন শুরু হলে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নেন আলমগীর। সেই মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যান আলমগীর।

মঙ্গলবার সকালে বাবার কবরের পাশে দাঁড়িয়ে গণ-অভ্যুত্থানের উত্তাল সেই দিনগুলোর কথা স্মৃতিচারণ করেন আলমগীরের বড় ছেলে সাগর মোল্লা (১৮)। তার চাওয়া একটাই বাবার খুনিদের বিচার দেখা। কেবল বিচার হলেই আলমগীরের আত্মা শান্তি পাবে বলে প্রত্যাশা স্বজনদের।

সাগর মোল্লা বলেন, “আমার বাবা সেচ্ছায় আন্দোলনে যান। গত বছরের ৩ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে প্রথম অংশ নেন বাবা। ৫ অগাস্ট মেরুন বাড্ডা এলাকায় এক মিছিলে গুলিবিদ্ধ হন বাবা। ৮ অগাস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।”

সাগরের দাবি, আন্দোলনে সামনের সারিতে থাকার কারণে গুলিবিদ্ধ হয়ে তার বাবা নিহত হন। সাগর নিজেও আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সাগরকে আন্দোলনে যেতে নিষেধ করেছিল তার বাবা। তবে বাবার সঙ্গে মিছিলে যাননি সাগর। তিনি আলাদাভাবে মগবাজার এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন।

সরকার আলমগীরের পরিবারের পাশে দাঁড়িয়েছে; তবে এক বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাগর।

তিনি বলেন, “যাদের জন্য বাবার জীবন গেল আমরা এখনো তাদের বিচার পাইনি। এ ঘটনায় মামলা হয়েছে। কয়জন আসামি গ্রেপ্তার হয়েছে, তাও জানতে পারিনি।

“যতদিন না ফ্যাসিস্টরা ধরা পড়তেছে, তাদের সাজা হচ্ছে ততদিনে আমাদের শান্তি আসবে না। বাবার খুনিদের শান্তি দেখতে চাই, এটাই আমার চাওয়া।”

এর আগে সকাল ৮টায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষের’ প্রশাসনের পক্ষ থেকে বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী থানা-পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যদের নিয়ে শহীদ আলমগীরের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।