বরিশালে আগুনে পুড়েছে গ্রিন লাইনের বাস, অক্ষত যাত্রীরা
“চালক টের পেয়ে বাস মহাসড়কের পাশে রেখে যাত্রীদের নামিয়ে দেয়।”
বরিশালের উজিরপুর উপজেলায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিপুরের দক্ষিণ বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন।
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান বলেন, “ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসে গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাস। যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন ধরে যায়।
“চালক টের পেয়ে বাস মহাসড়কের পাশে রেখে যাত্রীদের নামিয়ে দেয়। আগুনে বাস ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রীর ক্ষতি হয়নি।”
গৌরনদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, “ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বাসটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পথে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। দ্রুত আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি পুড়ে যায়।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, “বাসে থাকা শুধু এক মহিলা যাত্রী ধোঁয়ার কারণে একটু অসুস্থ হয়েছিলেন। অন্যরা সুস্থ রয়েছেন। আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
এর আগে ২০২৩ সালের ২৪ অগাস্ট রাতে ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় গৌরনদীর কটক এলাকায় গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ড ঘটে। চলন্ত অবস্থায় বাসটির পেছনের অংশে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।
যাত্রী, চালক, হেলপার ও সুপারভাইজারসহ ১৫-১৬ জন আগুন ছড়িয়ে পড়ার আগেই অক্ষত অবস্থায় বাস থেকে নেমে যাওয়ায় সেদিন হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
