এনসিপির বাগেরহাটের ১২ নেতার পদত্যাগ
সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী হুসাইন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই পদত্যাগের ঘোষণা দেন।
বাগেরহাট সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারীসহ ১২ নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রোববার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাবেক সেনা সদস্য আলী হুসাইন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই পদত্যাগের ঘোষণা দেন।
তিনি বলেন, “পদত্যাগের কারণ ব্যক্তিগত। এর পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এনসিপির জন্ম ও পথচলা তার সঙ্গে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে সামাঞ্জস্যতা পরীলক্ষিত হচ্ছে না।”
কয়েকদিনের মধ্যে তাদের এই পদত্যাগপত্র কেন্দ্রে পাঠানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গত বছরের ৩ জুন নতুন রাজনৈতিক দল এনসিপির বাগেরহাট সদর উপজেলার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।
পদত্যাগকারী অন্যরা হলেন- যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহীদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি এবং মো. রাতুল আহসান।
লিখিত বক্তব্যে ১২ জনের নাম থাকলেও উপস্থিত ছিলেন ছয়জন।
তিনি বলেন, “দায়িত্ব পাওয়ার পর দলের নাম ব্যবহার করে হামলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হাটবাজার দখল, মামলা বাণিজ্যসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হইনি। তাই আজ থেকে এর দায় আমার উপর বর্তাবে না। এনসিপির ১২ সদস্য আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।”
