অনুপ্রবেশের অভিযোগে জামালপুরে ভারতীয় নাগরিক আটক
সীমান্ত এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়।
অনুপ্রবেশের অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বাঘারচর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান দেওয়ানগঞ্জ থানার ওসি নাজমুল হাসান।
আটক কৃষ্ণা রাও (৬০) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ির বিহারি রাওয়ের ছেলে।
পুলিশ জানায়, বাঘারচর এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা দেখে তাকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাকে আটক করে দেওয়ানগঞ্জ থানার নিয়ে যায়।
আটক কৃষ্ণা রাওকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি নাজমুল হাসান।
তবে কীভাবে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
