২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচার হওয়া ৩৬ নারী-পুরুষ-শিশু দেশে ফিরল

ফেরত আসাদের মধ্যে ছয়জন নারী ও ১০ জন শিশু রয়েছে। বাকি ২০ জন কিশোর-কিশোরী।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ৩৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দেশে ফিরেছে। 

মঙ্গলবার বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইব্রাহিম আহম্মেদ। 

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসাদের মধ্যে ছয়জন নারী ও ১০ জন শিশু রয়েছে। বাকি ২০ জন কিশোর-কিশোরী। 

ফেরত আসাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। 

আইনি সহায়তা দিতে ‘রাইটস যশোর’ এবং ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদেরকে গ্রহণ করেছেন।

মানবাধিকার সংগঠন জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত বলেন, “ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। সেখানে বিভিন্ন বাসাবাড়ি বা অন্যান্য কাজ করার সময় পুলিশ তাদেরকে আটক করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদেরকে আদালতে দিলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংগঠন তাদেরকে আদালত থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।” 

“বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে।” 

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, ভারত ফেরত ৩৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।