গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাড়ির উঠানে খেলাধুলার এক পর্যায়ে শিশুটি পানিতে পড়ে যায় বলে জানান স্বজনরা।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম।
নিহত কাওসার আহমেদ ওই গ্রামের মো. আলী হোসেনের ছেলে।
বেলকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ জানান, কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বেলকা ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাওসার বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির দক্ষিণ পার্শ্বে বন্যার পানিতে ডুবে যায়।
পরে কাওসারকে পানিতে ভাসতে দেখে স্বজনরা তার মৃতদেহ উদ্ধার করেন বলে জানান ইউপি চেয়ারম্যান।
খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মাহবুব আলম।
