১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মামার বিয়েতে গিয়ে নিখোঁজ, লাশ মিলল ঝোপে

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।”

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 04:17 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

খুলনার বটিয়াঘাটা উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত আড়াইটার দিকে হরিণটানা গেট-সংলগ্ন একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান জানিয়েছেন। 

শিশু জান্নাতুল নগরের লবণচরা থানার মাথাভাঙ্গা গ্রামের রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা মো. শাহ জালালের মেয়ে।

ওসি তুহিনুজ্জামান বলেন, “সোমবার দুপুরে মা-বাবার সঙ্গে সাচিবুনিয়া মোহাম্মাদপুর এলাকায় মামার বিয়ের দাওয়াতে যায় জান্নাতুল। সেখানে এক আত্মীয় তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। মেয়ের ফিরে আসতে দেরি হওয়ায় মা ফোন করলে অপর প্রান্ত থেকে জানানো হয়, জান্নাতুল আইসক্রিম খাচ্ছে আসতে দেরি হবে। 

“কিছুক্ষণ পর থেকেই ওই ব্যক্তির ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে জান্নাতুলকে খোঁজাখুঁজি করেন। না পেয়ে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।” 

এ পুলিশ কর্মকর্তা বলেন, “শিশুটির মরদেহের পাশে একটি দড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।”

এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।