জাকসুর ফল রাতের মধ্যে দেওয়ার আশা নির্বাচন কমিশনের
ভোট গ্রহণের পর প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু এবং হল সংসদগুলোর ফলাফল রাতের মধ্যেই দেওয়ার আশা করছে নির্বাচন কমিশন।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, “আশা করি, আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণার ব্যবস্থা করতে পারব। আমরা সুনির্দিষ্ট সময় বলতে পারছি না।”
এদিন সকালে ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে মারা যান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। সেই কারণে এবং জুমা ও দুপুরের খাবারের জন্য কিছু সময় করে ভোট গণনার কাজ স্থগিত ছিল। পরে আবার শুরু হয়।
ভোট গ্রহণের পর প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। দ্রুত ফল ঘোষণার দাবিতে শুক্রবার সন্ধ্যার দিকে জাকসুর সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা৷
এর মধ্যে সিনেট ভবনে দায়িত্ব পালনকারী এক পোলিং অফিসার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সবশেষ শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের ভোট গণনাও শেষ হয়েছে। এখন হলের পোলিং এজেন্টদের ডাকা হয়েছে। কেন্দ্রীয় সংসদের ভোট গণনাও শুরু হয়ে যাবে।
তার পরই সাংবাদিকদের সামনে আসেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ভোট গণনার ক্ষেত্রে জায়গার কিছুটা সংকট আছে। তার মধ্যেই লোকবল বাড়ানো হয়েছে। ভোট গণনার কাজ অব্যাহত গতিতে চলছে। লাইভ সম্প্রচার করা হচ্ছে।
অধ্যাপক মনিরুজ্জামান বলেন, “চেষ্টা করছি, যেন ভোট গণনার গতি আরেকটু বাড়ে। আমি আশা করি, রাতের মধ্যেই আমরা ভোট গণনার কার্যক্রম সম্পন্ন করতে পারব। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে, প্রত্যাশা থাকল।”
১২ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী বৃহস্পতিবার দিনভর ভোটাধিকার প্রয়োগ করেন। কয়েকটি হলে দীর্ঘ লাইন থাকায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
পরে সেসব ব্যালট বাক্স হল থেকে সিনেট ভবনে নিয়ে আসা হয়। সেখানে রাত ১০টার পর থেকে ভোট গণনা শুরু করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
