২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রোববার শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা ও রংপুরেও হত্যা মামলা হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 08:24 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

নাটোরে এক কিশোরকে ঘরে আটকে রেখে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার দুপুরে নিহত ইয়াসিনের বাবা ফজের আলী বাদী হয়ে সদর থানায় এজাহার দাখিল করেন।

রাতে সেটি নথিভুক্ত করা হয়েছে বলে নাটোর সদর থানার এসআই মো. সাজ্জাদ হোসেন জানান।

মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্য আসামিদের মধ্যে নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নাম আছে।

ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এ নিয়ে মোট ১৬টি মামলা হয়েছে, যার বেশিরভাগই হয়েছে ঢাকায়।

নাটোরে দায়ের করা মামলার নথি থেকে জানা যায়, গত ৪ অগাস্ট সকালে ইয়াসিন নাটোর শহরের মাদ্রাসা মোড়ে আন্দোলনে ছিল। তখন শেখ হাসিনার হুকুমে নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ অন্য আসামিরা তার ছেলেকে মারপিট করেন। 

পরে তারা ইয়াসিনকে ধরে নিয়ে কান্দিভিটার শিমুলের বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে আটকে রাখেন। 

পরদিন ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার সংবাদে ক্ষুব্ধ  হয়ে ইয়াসিন ইসলামকে হত্যার উদ্দেশ্যে আটকে রেখে বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যান শফিকুল ইসলাম শিমুল। পরের দিন সকালে তার বাড়িতে দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ইয়াসিনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়। 

নিহত ইয়াসিন ইসলাম নাটোর শহরের কাপড়িয়া পট্টির গ্রিন অ্যাকাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নাটোর সদর থানার এসআই কৃষ্ণ মোহন সরকার বলেন, “ফজের আলীর দায়ের করা এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।”