২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে ‘ইয়াবা চোরাচালানের দ্বন্দ্বে’ যুবক খুন

একদল লোক হঠাৎ শাহাবুদ্দীনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 03:22 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

কক্সবাজারের রামু উপজেলায় ইয়াবা চোরচালান ও লেনদেনকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে গর্জনিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাজেশ বড়ুয়া জানান।

নিহত ২৩ বছর বয়সী মো. শাহাবুদ্দীন মিয়া কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে।

এসআই রাজেশ বলেন, “ইয়াবা চোরাচালান নিয়ে ওবাইদুল হক আকবর নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে শাহাবুদ্দীনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একদল লোক হঠাৎ শাহাবুদ্দীনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় হামলাকারীরা ফাঁকা গুলিও ছোঁড়ে।

“পরে শাহাবুদ্দীনের চিৎকারে এলাকার লোকজন ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর শাহাবুদ্দীনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।” 

ইয়াবা চোরাচালান ও লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরীর প্রাথমিক ধারণা।

তিনি বলেন, “এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”