Published : 07 Nov 2025, 11:28 PM
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তির নাম ইমরুল মিয়া। ৪০ বছর বয়সী এই ব্যক্তি বনগাঁও গ্রামের সুনাহর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গেল ২২ আগস্ট বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী হাসান খালি এলাকার একটি কালভার্টের নিচ থেকে জাবেদ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাবেদ বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে।
এ ঘটনায় হত্যা মামলা করার পর ১৬ সেপ্টেম্বর পুলিশের ছাড়পত্র নিতে থানায় গেলে জাবেদ হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ইমরুলকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার ইমরুল জামিনে মুক্তি পান।
স্থানীয় লোকজন বলছেন, এ ঘটনায় নিহত জাবেদের পরিবার ক্ষুব্ধ ছিল।
শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদের ভাই রুশেল মিয়া হঠাৎ ইমরুলকে ছুরিকাঘাত করলে তিনি সেখানেই লুটিয়ে পড়েন।
মসজিদে থাকা লোকজন ইমরুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল যায়।
নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।