২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ধান ক্ষেতে পড়েছিল রিকশাচালকের লাশ

চালককে হত্যার পর দুর্বৃত্তরা রিকশার ব্যাটারি নিয়ে গেছে বলে ধারণা পুলিশের।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2024, 01:47 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

জামালপুর সদর উপজেলায় ধান ক্ষেত থেকে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর ঘটনাস্থলের পাশের গ্রামে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে তার রিকশাটি।

শনিবার সকালে সদরের পারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর।

নিহত শাহাদাত হোসেন (৪৫) উপজেলার বেড়া পাথালিয়া গ্রামের জাহেদ আলীর ছেলে।

ওসি মুহাম্মদ মহব্বত জানান, শুক্রবার রাতে শাহাদাত ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে ধান ক্ষেত তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

এ ছাড়া ঘটনাস্থলের পাশের গ্রাম পূর্ব কুটামনি থেকে পরিত্যক্ত অবস্থায় তার রিকশাটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

চালককে হত্যার পর দুর্বৃত্তরা রিকশার ব্যাটারি নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশের।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।