সিলেটে চালককে হত্যা করে অটোরিকশা ‘ছিনতাই’
রোববার সকালে উপজেলার কেশবখালী নদীর দক্ষিণপাড়ে একটি লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
সিলেটের ওসমানীনগরে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে।
রোববার সকালের দিকে উপজেলার সাদিপুর ইউপির চাতলপাড় কেশবপুর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি মো. মোরশেদুল হাসান ভূঁইয়া।
নিহত শিপন আহমদ (২৫) উপজেলার দয়ামীর ইউপির রাইকদারা-গাংপাড় গ্রামের আশরফ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোরশেদুল বলেন, শনিবার সন্ধ্যার দিকে শিপন তার বড় বোনের সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি।
পরে রোববার সকালে উপজেলার কেশবখালী নদীর দক্ষিণপাড়ে একটি লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। মরদেহটি উদ্ধারের পর সেটি শিপন আহমদের বলে শনাক্ত করেন স্বজনরা।
ওসি বলেন, শিপনের কানের নিচে ও বুকের বামপাশে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করছি অজ্ঞাত ব্যক্তিরা শিপনের অটোরিকশাটি ভাড়া করে নিয়ে গিয়ে তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।
ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।
