১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে যুবকের চোখে আঘাত-পায়ের রগ কাটার অভিযোগে আটক ১

আটক তরুণ ‘কিশোর গ্যাংয়ে’ জড়িত বলে দাবি করা হচ্ছে।

নাটোরে যুবকের চোখে আঘাত-পায়ের রগ কাটার অভিযোগে আটক ১
ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 12:16 AM

Updated : 26 Aug 2026, 11:56 AM

নাটোরের বড়াইগ্রামে একটি অনুষ্ঠান থেকে তুলে নিয়ে যুবককে পায়ের রগ কেটে ও চোখে আঘাতের অভিযোগের এক তরুণকে আটক করা হয়েছে।

রোববার ভোরে উপজেলার রাজাপুরের পাশের মুলাডলির উত্তরপাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ওই তরুণকে আটক করে পুলিশে দেয় বলে জানান, বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান।

আটক মো. আশরাফুল ইসলাম মুন্নার (২০) বাড়ি ঈশ্বরদির মুলাডলি এলাকায়।

আহত রুবেল হোসেন (২৩) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি বড়াইগ্রামের নটাবাড়িয়া এলাকার প্রয়াত আকবর আলীর ছেলে।

এ ঘটনায় রুবেলের চাচা মো. হোসেন রোববার বিকালে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন বলে জানান মাহবুবুর রহমান। 

রুবেলের চাচাতো ভাই সোহেল রানা সাংবাদিকদের বলেন, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তুচ্ছ ঘটনার জেরে মুন্নার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সাত থেকে আটজন রাজাপুরের বইমেলা থেকে রুবেলকে তুলে মুলাডলির খাদ্য গুদামে নিয়ে যায়। সেখানে মারপিটের পর রুবেলের ডান পায়ের রগ কেটে ও ডান চোখ উপড়ে ফেলে তারা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আটক মো. আশরাফুল ইসলাম মুন্না

আটক মো. আশরাফুল ইসলাম মুন্না

বড়াইগ্রাম থানার পুলিশ কর্মকর্তা মাহাবুবুর রহমান বলছেন, “রুবেলের ডান চোখে ব্যাপক আঘাত করা হয়েছে, চোখ নষ্ট হয়ে যেতে পারে। তার ডান পায়ের রগও কেটে দেওয়া হয়েছে। সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে।

“রুবেলের বাবা মারা গেছেন, তার চাচা বাদী হয় বিকালে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করছেন। মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে, এ ঘটনার সাথে সংশ্লিষ্ট কিশোর গ্যাংয়ের অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে,” বলেন তিনি।