২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাক্তন শাশুড়িকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

সাজার পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 04:37 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

টাঙ্গাইলে প্রাক্তন শাশুড়িকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা রোববার এ রায় দেন বলে ওই আদালতের সরকারি কৌশলী শাহজাহান কবীর জানান।

দণ্ডিত রেজাউল করিম ওরফে দুলু জামালপুর সদর উপজেলার তেলিয়ান পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

রায় ঘোষণার সময় রেজাউল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তিনি জামিনে পালাতক রয়েছেন। 

সাজার পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তারা হলেন- তোতা মিয়া, আবুল কালাম, মিলন মিয়া, ছামাদ মণ্ডল ও আজিজুল হক।

মামলার বরাতে শাহজাহান কবীর বলেন, রেজাউল মধুপুর উপজেলার বুড়াকুড়ি গ্রামের নূর হাইয়ের মেয়ে নূরুন্নাহারকে বিয়ে করেন। কিন্তু পারিবারিক বিরোধের কারণে নূরুন্নাহার রেজাউলকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল ২০০৬ সালের ২৭ জুন রাতে নূরুন্নাহারের বাবার বাড়ি গিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন।

এ সময় নূরুন্নারের মা রাবেয়া বেগম এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রেজাউল। গুরুতর আহত অবস্থায় কালিয়াতুড়ি একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত অবস্থায় নূরুন্নাহারকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনার পরদিন নিহত রাবেয়া বেগমের স্বামী নূর হাই বাদী হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন। 

তদন্ত শেষে মধুপুর থানার এসআই আব্দুল খালেক ছয় জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ আদেশ দেন।