১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মাদারীপুরে ৫ জেলেকে জরিমানা

পদ্মায় অভিযান চালিয়ে ৮২ হাজার মিটার জাল ও একটি ট্রলার জব্দ করেছে মৎস্য অফিস।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2024, 05:47 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীতে ইলিশ ধরায় পাঁচ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভোরে চালানে এ অভিযানে জেলেদের কাছ থেকে ৮২ হাজার মিটার জাল, একটি ট্রলার ও আট কেজি মা ইলিশ জব্দ করা হয় বলে শিবচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান।

উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, ভোরে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের কর্মকর্তারা। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরায় পাঁচ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা এবং জব্দ করা জাল পুড়িয়ে নষ্ট করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা ফেরদৌস।

মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান অব্যাহত রয়েছে; এতে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌ-পুলিশ সার্বক্ষণিক কাজ করছে বলে জানান তিনি।