২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ভেজাল মধু তৈরি, ব্যবসায়ীকে ৬ মাসের জেল

কারাদণ্ডের পাশাপাশি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 07:29 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর শহরে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে শহরতলির শেখহাটিতে একটি কারখানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান রাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স।

দণ্ড পাওয়া মাহাবুব ইসলাম ‘মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠান থেকে মধু সরবরাহ করতেন।

মেজর ফজলে রাব্বী প্রিন্স বলেন, গোপন খবর পেয়ে দুপুরে ওই কারখানায় অভিযান চালালো হয়। এ সময় সেখানে ভেজাল মধু তৈরির সত্যতা পাওয়া যায়। এ ছাড়া সেখানে চারটি পণ্য উৎপাদনের নাম করে কালোজিরা, সাদাতিলসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে মোড়কজাত করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটির গুদামে তল্লাশি করে অন্য কোম্পানির বিভিন্ন পণ্যের মোড়ক পাওয়া যায়। এ ছাড়া সেখান থেকে বিপুল ভেজাল মধু জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাহবুবকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

আলোচিত এই মধু কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। এর আগে বিশুদ্ধ খাদ্য আদালত দুই দফা সেখানে অভিযান চালিয়ে দুটি মামলাও দিয়েছিল; যার বিচার কাজ চলমান রয়েছে।