২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্ধবীকে শার্ট-ক্যাপ পরিয়ে রাবির হলে নেওয়া শিক্ষার্থীর আসন বাতিল

৪ জুন ভোরে ওই নারীকে হল থেকে বেরিয়ে যাওয়ার সময় অন্য শিক্ষার্থীরা ঘটনাটি দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

বান্ধবীকে শার্ট-ক্যাপ পরিয়ে রাবির হলে নেওয়া শিক্ষার্থীর আসন বাতিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 06:04 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে শার্ট-ক্যাপ পরিয়ে বান্ধবীকে নিয়ে রাত্রিযাপনের অভিযোগে এক শিক্ষার্থীর আসন বাতিল করেছে কর্তৃপক্ষ।

ঘটনার ১৭ দিন পর শনিবার বিষয়টি জানাজানি হওয়ার পর ওই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন। 

এর আগে ৪ জুন রাতে ওই ছাত্র তার নারী সহপাঠীকে শার্ট ও মাথায় ক্যাপ পরিয়ে নিজ হলে নিয়ে যান বলে জানান তিনি।

হল থেকে বহিষ্কৃত নাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি মাদারীপুরের বাসিন্দা। তার সহপাঠীও একই বিভাগের শিক্ষার্থী।

শহীদ হবিবুর রহমান হলের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, “আমরা ভোরে বাড়ি ফেরার জন্য হল গেইটের সামনে দাঁড়িয়ে ছিলাম। তখন দেখি, একটি ছেলে সাইকেল চালিয়ে বের হচ্ছেন, পেছনে একটি মেয়ে বসা। 

“মেয়েটির পরনে শার্ট ও মাথায় ক্যাপ ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা পিছু নেই, কিন্তু ধরতে পারিনি। দারোয়ানও থামাতে পারেননি।”

হল থেকে বহিষ্কৃত নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, “৩ জুন আমার জন্মদিন ছিল। কেক কাটতে কাটতে রাত হয়ে যায়। মেয়েটি তখন বলে, ওর মেস থেকে সেদিনই চলে যেতে বলা হয়েছে। 

“তখন সে অনুরোধ করলে আমি মানবিক কারণে ওকে হলে নিয়ে আসি। পরদিন সকালে চলে যায়। বিষয়টি আমি প্রভোস্ট স্যারকে খুলে বলেছি, তিনি আমাকে হল থেকে বহিষ্কার করেন এবং বলেন বিষয়টি বাইরে জানাজানি হবে না।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হলের অন্য আবাসিক শিক্ষার্থীরা। তারা বলছেন, এ ধরনের ঘটনা হলে চলতে পারে না। এটি শুধু নিয়ম ভঙ্গ নয়, অনৈতিক কাজও। ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। 

শহীদ হবিবুর রহমান হলের প্রভোস্ট মোতাহার হোসেন বলেন, “ঘটনাটি সত্য এবং আমরা এরই মধ্যে ব্যবস্থা নিয়েছি। ওই শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিকে বিষয়টি জানানো হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, এটা অত্যন্ত গুরুতর ও সাংঘাতিক ঘটনা। সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।