২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় কৃষকের চোখ উপড়ানো, কান কাটা লাশ উদ্ধার

নুরুল ইসলাম বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 07:32 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

বগুড়ার শেরপুর উপজেলায় এক কৃষকের চোখ উপড়ানো ও কান কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের একটি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান। 

নিহত নুরুল ইসলাম তালুকদার (৬৮) ধুনট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন। 

পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নুরুল ইসলাম। অনেক খোঁজাখুঁজির পর ছেলে ইমদাদুল হক (৩৭) শুক্রবার ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুল ইসলাম বলেন, নিশ্চিন্তপুর গ্রামটি লাঙ্গলমোড়ার পূর্বদিকে অবস্থিত। লাশের ডান চোখ উপড়ানো এবং ডান কান কাটা ছিল। ক্ষতবিক্ষত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”