বগুড়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার
অতিরিক্ত পুলিশ সুপার সুমন বলেন, “ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে।”
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে জাল টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় দুপচাঁচিয়া থানার পশ্চিম আলোহালীপাড়া থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
গ্রেপ্তার মো. রাসেল মণ্ডল (৩০) উপজেলার বনতেতুলিয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
তার কাছে ৫০০ টাকার ৪৮৮টি নোট অর্থাৎ মোট দুই লাখ ৪৪ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন বলেন, “ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার সঙ্গে আর কারা যুক্ত আছে সেই বিষয়ে জানতে আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, “রাসেল মণ্ডলের নামে মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের ১৩টির বেশি মামলা আছে।”
