নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার দুপুরের দিকে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের আলিদেওনা কুড়াপাড়া গ্রামের বড়বিলা মাঠে এবং নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মণের ছেলে দিলীপ চন্দ্র বর্মণ (৪৫) বড়বিলা মাঠে বোরো ধান কাটতে যান। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ সময় গুরুতর আহত হন একই গ্রামের মদন বর্মনের ছেলে জীবন বর্মন (২২) এবং মৃত লক্ষণ বর্মনের ছেলে নারায়ণ বর্মন (৪৫)। তাদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, রামনগর গ্রামের মৃত পাতু মহন্তের ছেলে অনুকূল মহন্ত (২৫) মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
