Published : 14 Jul 2026, 06:56 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল যাওয়ার পথে তার গাড়িবহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা এসে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ঘিরে ইট নিক্ষেপের দাবি উঠলেও তদন্ত শেষে পুলিশ বলছে, এমন কোনো ঘটনা ঘটেনি।
পুলিশের দাবি, বহরের সামনে থাকা একটি গাড়ির চাকা থেকে ছিটকে আসা ইটের টুকরোটি ওই গাড়ির সামনে এসে পড়েছিল।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে বলে জানান মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান।
ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের সামনে ও পেছনে কয়েকটি নিরাপত্তার গাড়ি চলছিল। সড়কের দুপাশে কর্মী-সমর্থকেরা দাঁড়িয়ে ছিলেন। বাসের ভেতর থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় বাসটির পেছনে থাকা তৃতীয় গাড়ির সামনে একটি ইটের টুকরো এসে পড়ে।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। তদন্তে দেখা গেছে, গাড়িবহর লক্ষ্য করে ইট নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। ভিডিওতে যে ইটের টুকরো দেখা গেছে, সেটি বহরের সামনে থাকা একটি গাড়ির চাকা থেকে ছিটকে এসেছিল।”
তিনি বলেন, “বিষয়টি নিয়ে পুলিশ সদরদপ্তর সংবাদমাধ্যমকে বিস্তারিত জানাবে।”
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। সকাল ১০টার কিছু আগে তিনি গৌরনদীর বাটাজোরে পৌঁছান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সড়কপথে বরিশাল ত্যাগ করেন।