‘বিষপানে’ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্বজনরা বলছেন, ওই নারী স্বামীর সঙ্গে গাজীপুরের কোনাবাড়িতে থাকতেন। মৃত্যুর পর তার লাশ লালমনিরহাটে কালীগঞ্জে বাবার বাড়ির উঠানে রেখে যাওয়া হয়েছে। তাকে নির্যাতন করে হত্যার অভিযোগ করেছে পরিবার।
তবে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালের কাগজে মৃত্যুর কারণ বিষপান বলা হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক।
নিহত আফরোজা বেগম (১৮) কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের দীন ইসলামের (২৪) স্ত্রী। তিনি একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের আলফেস আলীর মেয়ে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ জানায়, প্রায় এক বছর আগে আফরোজার সঙ্গে দীন ইসলামের বিয়ে হয়। চাকরির কারণে তারা গাজীপুরের কোনাবাড়িতে একটি ভাড়া বাসায় থাকতেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। আফরোজাকে নির্যাতন করা হত বলেও পরিবারের অভিযোগ।
নিহতের পরিবারের দাবি, শনিবার রাতে আফরোজা তার বাবাকে ফোন করে নির্যাতনের কথা জানান। এরপর ফোন কেটে যায়।
পরিবারের সদস্যরা জানান, কিছুক্ষণ পর দীন ইসলাম আফরোজার বাবাকে ফোন করে বলেন, আফরোজা অসুস্থ। চিকিৎসার জন্য তিনি টাকা চান। টাকা পাঠাতে দেরি হওয়ার পর আফরোজার মৃত্যুর খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে একটি অ্যাম্বুলেন্সে করে আফরোজার লাশ লালমনিরহাটের বাড়িতে আনা হয়। পরে স্বামী ও তার পরিবারের লোকজন লাশটি বাড়ির উঠানে রেখে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
নিহতের চাচাতো বোন শাপলা বেগম অভিযোগ করেন, গাজীপুরের বাসায় আফরোজাকে তার স্বামী নির্যাতন করে হত্যা করেছেন। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে বলেও দাবি করেন তিনি।
ওসি আবু সিদ্দিক বলেন, লাশের সঙ্গে উত্তরার একটি বেসরকারি হাসপাতালের কাগজ পাওয়া গেছে। সেখানে বিষপানের কারণে মৃত্যুর কথা বলা হয়েছে। তবে শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
