২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যবাহী ট্রাকে ‘চাঁদাবাজি’: দিনাজপুরে এনসিপি নেতা গ্রেপ্তার

বড়পুকুরিয়া কয়লাখনি থেকে সেনা কল্যাণ সংস্থার মালামাল ট্রাকে করে নিয়ে যাওয়ার পথে আটক করে চাঁদাবাজির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

পণ্যবাহী ট্রাকে ‘চাঁদাবাজি’: দিনাজপুরে এনসিপি নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার তারিকুল ইসলাম।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 02:39 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পণ্যবাহী ট্রাক আটক করে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার রাতে ফুলবাড়ী-মিঠাপুকুর সড়কে উপজেলার রসুলপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। 

এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।

গ্রেপ্তার তারিকুল ইসলাম (৪০) উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের প্রয়াত মাহমুদুল সরকারের ছেলে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলে, “বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল টেন্ডারের মাধ্যমে পায় সেনা কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার পর সেই মালামাল দুটি ট্রাকে ভরে কয়লাখনি থেকে গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে রাত ৮টার দিকে তারিকুলের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন ট্রাক দুটির গতিরোধ করেন।

“এ সময় তারা ট্রাকের লোকজনের কাছে চাঁদা দাবি করে ট্রাক দুটি অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে বড়পুকুরিয়া কয়লাখনি সেনা ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তারিকুলকে আটক করেন।”

এ ঘটনায় সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী রাতেই মামলা করেছেন বলে জানান ওসি। 

পার্বতীপুরে এনসিপির কোনো কমিটি না থাকলেও তারিকুল নিজেকে কখনো উপজেলা এনসিপির মুখ্য সংগঠক আবার কখনো আহ্বায়কের পরিচয় দিতেন বলে জানান ওসি আব্দুল্লাহ আল মামুন।