১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা উদ্বোধন: চাঁদাবাজি বন্ধ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 03:21 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৫০ কিলোমিটারে এআই ক্যামেরা উদ্বোধন করে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ফলে চাঁদাবাজি বন্ধ হবে। 

“এ প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল, উল্টোপথে যানবাহন চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এ প্রযুক্তির উদ্বোধন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সড়ক নিরাপত্তা নিশ্চিত, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশ এ প্রযুক্তি চালু করেছে। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামিম শেখ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। 

তিনি বলেন, “এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত হওয়ার পর নিবন্ধিত মালিকের মোবাইলে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। পরে নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে জরিমানার টাকা পরিশোধ করা যাবে।” 

এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।