Published : 12 Jul 2026, 12:04 AM
নারীদের অধিকার তাদের নিজেদেরই কেড়ে নেওয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
তিনি বলেছেন, “নিজের অধিকার সম্বন্ধে সচেতন হয়ে উঠুন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের অধিকার যতক্ষণ না নিজেরা আপনারা কেড়ে নেবেন, ততক্ষণ কিন্তু কেউ তা দেবে না। আমরা বড়জোর আপনাদের পাশে দাঁড়াতে পারি, সহায়তা করতে পারি; সেটি প্রতিনিয়ত করে আসছি।”
শনিবার নরসিংদীর পলাশে আব্দুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত মিলেনিয়াম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান বলেন, “আমরা বাংলাদেশে একটি সুষম সমাজ তৈরি করতে চাই, যেখানে ধনী-দরিদ্রের ব্যবধান কমে আসবে এবং মানুষের দুঃখ-দুর্দশা দূর হবে। এ দেশের মানুষ যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারে, সেই উদ্দেশ্যে কাজ করে যাব।”
নিজের পরিবারকে এ দেশের কোটি কোটি পরিবারের মতই অত্যন্ত সাধারণ বর্ণনা করে বিএনপি নেতা বলেন, “আমার বাবা মরহুম আব্দুল মোমেন খান ক্যাবিনেট সচিব ছিলেন এটা সত্যি। কিন্তু তিনি কর্মজীবন শুরু করেছিলেন কলকাতা সরকারি কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে। এমনকি আমার পিতামহ আব্দুল বারিক খানও একজন শিক্ষক ছিলেন এবং তিনি ব্রিটিশ-বিরোধী স্বাধীনতা আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে চাকরিচ্যুত হয়েছিলেন।”
সভাপতির বক্তব্যে খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকার মরহুমা খোরশেদা বানুর স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একাধারে একজন স্নেহময়ী মা এবং নিভৃতে দেশের কল্যাণে কাজ করে যাওয়া এক মহীয়সী নারী।
তিনি বলেন, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর থেকে আব্দুল মঈন খান ও তার মা খোরশেদা বানুর উদ্যোগে নরসিংদী এলাকায় ব্যাপক পুনর্বাসন ও উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়, যা আজও চলমান।
পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে ১৯৯৩ সাল থেকে কাজ করে যাচ্ছে ‘খান ফাউন্ডেশন’। নারীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এ বছরও ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকায় প্রায় ১৪ কোটি টাকার গ্রামীণ ঋণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।